হলদিয়া বন্দরে ৯ ও ১০ নম্বর বার্থে ছাঁটাইয়ের প্রতিবাদে লাগাতর আন্দোলনে নামলেন শ্রমিকরা।প্রতিদিন মঙ্গলবার থেকে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টিফিনের আধঘণ্টা তাঁরা প্রতীকী আন্দোলন করবেন বলে জানিয়েছেন। ওই আন্দোলন ও বিক্ষোভে 'গ…
হলদিয়া বন্দরে ৯ ও ১০ নম্বর বার্থে ছাঁটাইয়ের প্রতিবাদে লাগাতর আন্দোলনে নামলেন শ্রমিকরা।প্রতিদিন মঙ্গলবার থেকে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টিফিনের আধঘণ্টা তাঁরা প্রতীকী আন্দোলন করবেন বলে জানিয়েছেন। ওই আন্দোলন ও বিক্ষোভে 'গান্ধীগিরি'র পথ বেছে নিয়েছেন কর্মরত শ্রমিকরা। কর্মবিরতি না করে টিফিনে বিরতির সময় তাঁরা ডক এরিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। বন্দর কর্তাদের নামেও স্লোগান ওঠে। আন্দোলনের সময় জাতীয় পতাকা হাতে মিছিল করেন শ্রমিকরা।
৯ ও ১০ নম্বর দু'টি বার্থের টেন্ডার বাতিলের ডাক দিয়েছেন শ্রমিকরা। তাঁদের দাবি, কর্মরত শ্রমিকদের ছাঁটাই করা হবে না এই শর্ত আরোপ করে বন্দর কর্তৃপক্ষ নতুন করে টেন্ডার ডাকুক । জানা গিয়েছে, হলদিয়া বন্দরের ৯ ও ১০ নম্বর বার্থ আধুনিকীকরণ এবং স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য টেন্ডার ডেকেছে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, অন্যান্য বার্থের মতো এই দু'টি বার্থেও কর্মরত শ্রমিকদের বাদ দিয়েই টেন্ডার ডাকা হয়েছে। ফলে যে সংস্থাগুলিকে ওই বার্থগুলির দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা ব্যাপকহারে শ্রমিক ছাঁটাই করবে। শ্রমিকদের আশঙ্কা ,২৫-৩০ বছর ধরে ওই বার্থগুলিতে কর্মরত শ্রমিকরা কাজ হারাতে চলেছেন ।

No comments