সন্দেশখালির ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে? বিধানসভা নির্বাচন মিটতেই পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয় খোলেন বিজেপি কর্মীরা।…
সন্দেশখালির ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে? বিধানসভা নির্বাচন মিটতেই পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয় খোলেন বিজেপি কর্মীরা। আর ভেতরে ঢুকতেই চোখ কপালে ওঠার জোগাড় তাঁদের। পঞ্চায়েত অফিসের তিন তলার একটি ঘর থেকে উদ্ধার হলো খাট, বিছানা, এসি, শাড়ি এবং কন্ডোম সহ একাধিক আপত্তিকর সামগ্রী। এখানেই শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের স্পষ্ট দাবি, সন্দেশখালির শেখ শাহজাহানের মতোই এই এলাকায় সমান্তরাল রাজত্ব ও অসামাজিক কার্যকলাপ চালাতেন এই তৃণমূল নেতা। বিজেনবন্ধু বাগকে ‘পটাশপুরের শাহজাহান’ বলে দেগে দিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি এই পঞ্চায়েত অফিসকে দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিগত প্রমোদতরী বানিয়ে রেখেছিলেন স্থানীয় কিছু তৃণমূল প্রভাবশালী। এদিন তালা খুলে ভেতরে ঢোকার পর একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত তৃণমূল নেতার দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, পঞ্চায়েত অফিসের ভেতর থেকে এই ধরনের আপত্তিকর জিনিস উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে স্থানীয় প্রশাসন।

No comments